আগামী ৩ জুলাই দেশের প্রথম ভার্চুয়াল চাকরি মেলা

১৪ জুন, ২০২০ ১১:২৭  
আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম ‘ভার্চুয়াল জব ফেস্ট-২০২০’। তিনদিন ব্যাপী চাকরি মেলায় অংশ নিতে  আগ্রহীদের সিভি পাঠাতে হবে ১৩-২৩ জুনের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের বিশেষ প্রশিক্ষণ হবে ২৬-২৯ জুন, ভার্চুয়াল সাক্ষাৎকার হবে ৩-৫ জুলাই এবং ভার্চুয়াল নিয়োগ হবে ৭ জুলাই। আর  এই অনলাইন চাকরি উৎসবের মাধ্যমে অন্তত পাচশ’ জনের চাকরির সুযোগ তৈরি হবে এবং সেইসঙ্গে পাঁচ শতাধিক মানুষের ভার্চুয়াল কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা। যৌথ উদ্যোগে এই চাকরি মেলার আয়োজন করেছে চাকরি খোঁজার ওয়েবসাইট স্কিল ডটজবস ও বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)। শনিবার (১৩ জুন) স্কিল জবসের ফেসবুক পেজে অনুষ্ঠিত এক অনলাইন সংবাদ সম্মেলনে আয়োজন বিষয়ে ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘ভার্চুয়াল জব ফেস্টে অংশগ্রহণকারীদের জন্য ক্যারিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চারদিনের গ্রুমিং সেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) কর্তৃক সনদ, স্কিল জবসে অনলাইন প্রোফাইল তৈরি, অনলাইন অ্যাসেসমেন্ট কোর্সে বিশেষ ছাড়, গো-এডুর সকল কোর্সে বিশেষ ছাড় সুবিধা থাকছে।’ এসময় বিএসএইচআরএম এর প্রেসিডেন্ট মাশেকুর রহমান খান, মহাসচিব নজরুল ইসলাম আপন, এক্সিকিউটিভ কাউন্সিলর মোস্তফা আরিফ মাহমুদ ও ভার্চুয়াল জব ফেস্ট-২০২০এর আহ্বায়ক কে এম হাসান রিপন উপস্থিত ছিলেন।